জমি সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে দু'গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশু পূর্ণিমা খাতুন (১২), তজিবর রহমান (৫২), বাচ্চু (৪৫), বাবুল (৩৩), কালু (৩৫), মোহন আলী (২৫), সেন্টু (২২), মুন্না (১৮), সাহাজুল (১৩), ইউসুফ আলী (৬০), লালু (২৮) ও কালাকে (২৫) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের তজিবর রহমানের জমি একই এলাকার ইউসুফ আলী জোরপূর্বক দখল নিতে যায়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয় গ্রুপের ২০-২৫ জন দেশীয় ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানের সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

কেএইচ