জাতীয় সংসদের ভোটগ্রহণ শেষে রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে নিয়ন্ত্রিত যান চলাচলে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে যান চলাচল করছে। রাজধানী ঢাকায় ভোর থেকেই বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাস চলছে। তবে মোটরসাইকেলের ওপর এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
গতকাল রোববার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার (২৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাত (১২টা) থেকে রোববার দিবাগত মধ্যরাত পর্যন্ত সবধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।
শুক্রবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসি। ফলে অন্যান্য যান চলাচল শুরু হলেও এখনো মোটরসাইকেল চলাচল করতে পারছে না।
এদিকে সোমবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। যানবাহন তুলনামূলক কম থাকলেও স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় সন্তুষ্ট যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যাও কম।
উল্লেখ্য, গতকাল রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। দেশের বিভিন্ন এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো ভোটপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জেড





