সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
সোমবার রাত ৮টায় উপজেলার হরিপুর বাজারে এ সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সাত ঘন্টা দফায় দফায় সংঘর্ষের পর রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এদিন বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতা ক্রয় নিয়ে দোকানী ও ক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে রাত ৮টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া ও হেমু মাঝপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এসময় বাজারে দোকান-পাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সংঘর্ষ চলাকালে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির ঘটনাস্থল থেকে বলেন, রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হতাহতের সংখ্যা জানা নেই।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০-১২ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।
এআই





