স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভোটাররা ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন এটা ঠিক নয়। সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড়। সুন্দরভাবে ভোট হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবেন এটাই আশা করি।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানিক মিয়া এভিউনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম প্রসঙ্গে জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে সকাল বেলায় হয়তো ভোটার কম দেখেছেন আপনারা। এখন পর্যায়ক্রমে যখন আবহাওয়া ভালো হয়ে যাবে, তখনই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে। এখনই দেখুন লম্বা লাইন, এটাই স্বাভাবিক। ভোটাররা আসবেন। তারা ভোট দেবেন। আমি তো দেখলাম। আমারও ভোট দিতে দু-এক মিনিট সময় লাগলো। কারণ যথেষ্ট লম্বা লাইন রয়েছে।’

তিনি বলেন, ‘আমি যেটা মনে করি, ঢাকা মহানগরীর উত্তরে শান্তিপূর্ণ ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে জয়যুক্ত করবেন।’

এদিকে নির্বাচন কমিশনার বলেছেন ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোর। ক্ষমতাসীন দল হিসেবে আপনারা দায় নেবেন কিনা-এমন পশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার যেটা বলেছেন, সেটা যথার্থই বলেছেন। ভোট কীভাবে হবে সেটা পরিচালনা করছেন তিনি। ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা। বিভিন্ন রাজনৈতিক দল উদ্ধুদ্ধ করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। এটাই স্বাভাবিক। এখন কে এলো, আর কে এলো না সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমাদের ভোটাররা ভোট দিতে আসছেন সেটাই হচ্ছে বাস্তবতা।’

জেড