পঞ্চগড়ে দেবীগঞ্জে উপজেলা আমিরসহ ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, সাইকেল, শীতের কম্বল, গাড়ির টায়ার, পোস্টার, লিফলেটসহ সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল-অবরোধে দেবীগঞ্জে নাশকতা করতে উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, বায়তুলমাল সম্পাদক জয়নাল আবেদিনসহ জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী উপজেলা সদরের বায়তুন নূর জামে মসজিদের পাশে একটি ঘরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম দাবি করেন, নেতাকর্মীরা দুস্থদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের জন্য দলীয় কার্যালয়ে একত্রিত হয়েছিল। সেখান থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) কাউসার আলী খান বলেন, অবরোধে দেবীগঞ্জে নাশকতা করতে তারা গোপন বৈঠক করছিল।
কেএইচ





