খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরিত হয়ে সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত ও আরো চারজন আহত হয়েছেন।

খাগড়াছড়ির ওসি মিজানুর রহমান জানান, রোববার সকালে সেনানিবাসের ভেতরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজন হলেন- নায়েক সুবেদার আবুল কাশেম ও সিপাহী হাসান। চারজনকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা জানান, নায়েক সুবেদার আবুল কাশেম প্রশিক্ষণ দিচ্ছিলেন। সিপাহী হাসান ছিলেন প্রশিক্ষণার্থীদের মধ্যে। এ সময় হঠাৎ গ্রেনেড বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

আহতরা হলেন- নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক নাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ ও ডাক্তার ক্যাপ্টেন তাইফুল ইসলাম।

এর আগে গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হন, আহত হন অন্তত ১০ জন।

 

জেআই