নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, চাইলে রাশিয়া নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন।

বিদ্যুৎ সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরে আরো বিনিয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান। নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ বলেন, তার দেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত।

ব্যবসা-বাণিজ্যে দুই দেশের নিজস্ব মুদ্রায় বিনিময় করার প্রস্তাব দেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের গুণগত মান বৃদ্ধির প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

এআই