মাদারীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলিম মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ (২৪ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শিরখাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত যুবক একাধিক ডাকাতি ও মোটরসাইকেল চুরির মামলার আসামি।
নিহত আলিম মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের বাসিন্দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, সদর উপজেলার শিরখাড়া এলাকায় ভোরে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। এই সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, নিহত আলিম মোল্লার বিরুদ্ধে মাদারীপুর, রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি মোটরসাইকেল চোরচক্রের সদস্য ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে। সম্প্রতি অসংখ্য মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন তিনি।
এমবি





