ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে জাল টাকা পাওয়া গেছে।রংপুর নগরীর ধাপের এটিএম বুথ থেকে বুধবার সন্ধ্যায় এক লাখ টাকা তোলা হয়। এতে দুটি পাঁচশত টাকার জাল নোট পাওয়া যায় বলে অভিযোগ করেছেন রংপুরের জান্নাত ফিটনেস ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের। দুটি নোটেরই নম্বর এক বলেও দাবি করেন তিনি।

অভিযোগে তিনি জানান, জান্নাত ফিটনেস ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের সন্ধ্যায় ধাপ পুলিশ ফাঁড়িসংলগ্ন ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে পাঁচবারে এক লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি বৃহস্পতিবার সকালে সেই টাকা ব্যবসায়িক কাজে প্রদান করলে তারা সেই টাকার মধ্যে দুটি পাঁচশত টাকার জাল নোট শনাক্ত করেন।

ঘটনাটি সাংবাদিকদের নজরে আনলে নোট দুটির একই নম্বর দেখা গেছে। যার নং ক ড-৭১৬৬৬১৭।

রংপুর ব্র্যাক ব্রাংকের দ্বিতীয় ব্যবস্থাপক জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই এটা হতে পারে না। আর এমনটা হওয়ার অবকাশ নেই।’

তিনি আরও জানান, যেকোনো অভিযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে সেখানকার গার্ডকে অবহিত করার নিয়ম রয়েছে।

অপরদিকে ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাসেল মাহমুদের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মেশিনে কয়েকবার চেক করে সেই টাকা বুথে দেওয়া হয়। তাই এমন হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়াও ওই গ্রাহক কর্তব্যরত গার্ডকে ঘটনাটি জানিয়েছেন কি না বলেও জানতে চান।

তিনি আরও বলেন, ‘অভিযোগকারী তাদের সঙ্গে যোগাযোগ না করে সংবাদ মাধ্যমের কাছে কেন গেলেন তা বোধগম্য নয় ব্যাংকের কাছে।’

এদিকে, ব্র্যাক ব্যাংকসহ নগরীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে জাল টাকা পাওয়ার ঘটনা হরহামাশাই ঘটছে বলে অনেকে গ্রাহক সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেছেন।

জেআই