নিখোঁজ হওয়ার চারদিন পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নুর নবী (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) সকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামে জালিয়া খালের কাদার নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রাম পুলিশ মনির আহম্মদ জানান, বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে চরকচ্ছপিয়া গ্রামের নুর নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জালিয়া খালের কাদার মধ্যে তার মৃতদেহ দেখে পরিবার ও থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, নুর নবী প্রতিদিন রাতে জুয়া খেলতেন। ধারণা করা হচ্ছে, জুয়া খেলাকে কেন্দ্র করে তার সঙ্গীরা তাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহ খালের কাদামাটির নিচে পুঁতে রাখে। টানা বৃষ্টির কারণে ওপরের কাদা সরে যাওয়ায় মৃতদেহটি সবাই দেখতে পায়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান এসআই।
ওএফ





