নেত্রকোণা শহরের সাতপাই এলাকার এক বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে ওই এলাকার বাবুল সরণি সড়কে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্বামী মিহির বিশ্বাস (৬৫) বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্ত্রী তুলিকা চন্দ সবিতা (৫৫) ছিলেন সমাজসেবা অধিদফতরের মাঠকর্মী।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, দুই দিন ধরে স্বামী-স্ত্রীর কোনো সাড়া না পাওয়ার বিষয়টি দুপুরে ওই বাড়ির ভাড়াটিয়া স্থানীয় কাউন্সিলরকে জানান।
এরপর কাউন্সিলরের উপস্থিতিতে স্বজনরা বাইরে থেকে বন্ধ গ্রিলের তালা ভেঙে ভেতরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, বাড়ির একটি ঘরে খাটের ওপর মিহির ও খাবার ঘরে সবিতার লাশ পড়ে ছিল। এ ছাড়া বিছানার ওপর জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, 'অন্তত দুই দিন আগে এই দম্পতিকে খুন করা হয়েছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে তদন্ত শুরু হয়েছে।'
তবে কীভাবে তাদের খুন করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা।
এমএ





