অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ ও অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের বিরুদ্ধে সাভারে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নয়াবাড়ি বউ বাজার এলাকায় এ অভিযান চালায় সংস্থাটি।

নয়াবাড়ি মহল্লার বাসিন্দা সানোয়ার হোসেন রাজউকের অনুমোদন নিলেও ভবন তৈরি করছিলেন অনুমোদিত নকশার বাইরে। অন্যদিকে সোনামুদ্দিন সনি অনুমোদন ছাড়াই তৈরি করছিলেন ভবন।

রাজউকের ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের নেতৃত্বে রাজউক কর্মীরা নকশা অনুমোদিত ভবনটির নকশা বহির্ভূত অংশটি ভেঙ্গে দেন।

সানোয়ার হোসেন জানান, তিনি রাস্তার জন্যে যে জমি ছেড়েছিলেন দ্বিতীয় তলায় গিয়ে ছাদ সম্প্রসারণ করে সেটুকু জায়গা নিয়ে ভবন করায় তার সম্প্রসারিত অংশটুকু ভেঙ্গে দেয়া হয়।

অন্যদিকে অননুমোদিত ভবনটির নির্মাণকাজ বন্ধ রেখে দ্রুত অনুমোদন নেবার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের অথোরাইজড অফিসার মোবারক হোসেন জানান, দু’জনই রাস্তা দখল করে ভবন নির্মাণ করছিলেন। বিষয়টি এলাকাবাসী রাজউককে জানালে তারা অভিযোগের সত্যতা পান।

তিনি বলেন, আমরা মানুষকে সচেতন করতে চাই। ভীতি ছড়াতে চাই না। জনগণ যাতে অনুমোদন ছাড়া কোনো ইমারত নির্মাণ না করেন সে ব্যাপারে নিজেদের মধ্যে সর্তকতা গড়ে তোলা জরুরি।

ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই