পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন (সংশোধনী-২০১৬) বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। খাগড়াছড়ি টাউন হল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, পার্বত্যভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন (সংশোধনী-২০১৬) কে বিতর্কিত ও অসাংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।ভূমি বিরোধ নিস্পত্তি আইন বিরোধ নিস্পত্তির পরিবর্তে নতুন করে বিরোধ সৃষ্টি করছে।

ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের কঠোর সমালোচনা করে বক্তারা আরো বলেন, এই আইনের ফলে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙ্গালী সম্প্রদায় যেমন ক্ষতির মুখে পড়বে, তেমনি সরকার হারাচ্ছে কর্তৃত্ব।

পার্বত্য অঞ্চলের বাঙ্গালিরা চরম বৈষম্যের স্বীকার উল্লেখ করে বক্তারা বলেন, ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে একজন বিচারপতি প্রধান করা হলেও বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে প্যানেলের হাতে। যাদের বেশিরভাগের বিচার বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই। কমিশনে এ অঞ্চলের কোন বাঙ্গালী প্রতিনিধি রাখা হয়নি, যা চরম বৈষম্যের সৃষ্টি করেছে।

এসময় বক্তারা গত ১৭ নভেম্বর মানিকছড়িতে উপজাতিয় সন্ত্রাসী কর্তৃক গৃহবধু আমেনা বেগমকে গণধর্ষণের নিন্দা জানান। সাথে সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম মনির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ আসাদ, খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন, সহ-সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, মহালছড়ি উপজেলা সভাপতি সাহাদাত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রবিউল হোসেন প্রমুখ।

আবু বকর/জারিফ