কুষ্টিয়ায় ৪৩টি পাসপোর্ট ও এক মিলিয়ন মার্কিন ডলারসহ দুই প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোরে ভেড়ামারা উপজেলার রথপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার রথপাড়া এলাকার হাজী আনারুল ইসলাম ও আড়কান্দি গ্রামের আজিরুল প্রামাণিক।
কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মেজর আলী হায়দার জানান, আটককৃতরা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর নামে লোক ঠকিয়ে আসছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে রাখা অন্যের পাসপোর্ট ও ইউএস ডলারসহ আটক করা হয়। তারা ইতোমধ্যে বিদেশ গমনেচ্ছু বেশকিছু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়ায় লোক পাঠানোর অভিযোগ রয়েছে বলেও র্যাব জানায়।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
জেআই





