সিলেটের দক্ষিণ সুরমায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক ট্রাকের চালক আহত হয়েছে। ১৫ মিনিটের ব্যবধানে এ আগুন দেয়া হয়।
রোববার বেলা আড়াইটার দিকে কদমতলী জামে মসজিদের কাছে ও বেলা পৌনে ৩টার দিকে মোমিনখলায় এ ঘটনা দু’টি ঘটে। খবর পেয়ে মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কদমতলী জামে মসজিদের সামনে হামলার শিকার ট্রাকের চালক আলা উদ্দিন জানান, শেরপুর থেকে খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬১৬০) নিয়ে তিনি গোটাটিকর যাচ্ছিলেন। কদমতলী জামে মসজিদের সামনে যাওয়ার পর ১০ যুবক এসে ট্রাকের গতিরোধ করে।
যুবকরা ট্রাকের গ্লাস ভাঙচুর করে সামনের কেবিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি।
এদিকে বেলা পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা স্টার লাইট স্কুলের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৮-৫৩২৯) হামলা চালায় দুর্বৃত্তরা।
ওই ট্রাকের হেলপার কুটি মিয়া জানান, ট্রাকটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেট সদর উপজেলার দাসপাড়ার উদ্দেশে যাচ্ছিল। মোমিনখলায় আসার পর ৪টি মোটরসাইকেলে ৮ যুবক এসে ট্রাকটির গতিরোধ করে।
জেএ





