ময়মনসিংহ শহরের প্রবেশ মুখে পাট গুদাম ব্রীজমোড় এলাকায় দুর্বিষহ যানজটে নাকাল শহরবাসী। যানজট নিরসনে জেলা পুলিশের অনবরোধে সড়ক ও জনপথ বিভাগ প্রায় সাড়ে ৩ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।
অপ্রশস্ত রাস্তা, ব্যাপকহারে যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং রাস্তার পাশে বাস স্ট্যান্ড থাকায় ময়মনসিংহ শহরের প্রবেশদ্বার পাট গুদাম ব্রীজমোড় এলাকায় প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজট। অসহনীয় যানজটে অতিষ্ঠ এই রাস্তায় চলাচলকারীরা। যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় পরিবহন চালকদের। আর যান চলাচল স্বাভাবিক রাখতে বিপাকে পড়তে হয় ট্রাফিক পুলিশের সদস্যদের।
এদিকে ময়মনসিংহ পুলিশ সুপার মো. মঈনুল হক বলেন, পাট গুদাম ব্রিজ মোড় এলাকার যানজট নিরসনে রাস্তা প্রশস্ত, বাস স্ট্যান্ডের ইনগেট ও আউট গেট এবং রোড ডিভাইডার নির্মাণ করতে প্রায় দেড় বছর আগে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেয়া হলেও কাজ হচ্ছে না।
এ অবস্থায় রোড সেফটি বিভাগের ডিজাইন অনুযায়ী জেলা সড়ক ও জনপথ বিভাগ ইন্টার সেকশন উন্নতকরণে প্রায় সাড়ে তিন কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করতে পারেনি সংস্থাটি।
ময়মনসিংহ সওজ সড়ক সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চাহিদা পত্র দেয়া হয়েছে। আর আমরা যদি সেই বরাদ্দটা নিশ্চিত পাই তাহলে আমরা কাজে হাত দিতে পারবো বলে জানান তিনি।
ময়মনসিংহের পাট গুদাম ব্রীজমোড় দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়াসহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার প্রায় তিন হাজারের বেশি বাসসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





