রাজধানীর কলাবাগান ও দারুসসালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে এবং দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে। গ্রেফতারকৃতরা হলো, মাদক ব্যবসায়ী শ্রী সুমন গাইন ও জহিরুল ইসলাম বাবু এবং অস্ত্র ব্যবসায়ীক রায়হান হাসান মুন্না ও আতিকুল হাসান।
ঢাকা মহানগর ডিবি পশ্চিমের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজার/কুমিল্লার সিমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
ওই কর্মকর্তা আরো বলেন, বুধবার রাতে ঢাকা মহানগর এলাকায় অপর এক বিশেষ অভিযান কালে দারুস সালাম থানার গাবতলী বাসষ্ট্যান্ড হানিফ পরিবহন কাউন্টারের সামনে থেকে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল রায়হান হাসান মুন্না ও আতিকুল হাসান। এ সময় তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুন্না জানায়, সে একজন অস্ত্র ব্যাবসায়ী। তারা সিমান্তবর্তী জেলা দিয়ে পার্শবর্তী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র এনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম ও কলাবাগান থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসি ডিবি (পশ্চিম) মোঃ সাজ্জাদুর রহমান এর নির্দেশনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
এমআর





