বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। সংগঠনটির নাম জুনুদ আল তাওজিদ ওয়াল খিলাফা। এর প্রধান আব্দুল্লাহ আল গালিবকেও আটক করা হয়েছে।
শনিবার দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস’র একটি বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আব্দুল্লাহ আল গালিব সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস’র (ইসলামিক স্টেট) বাংলাদেশ শাখার সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।
আব্দুল্লাহ আল গালিবকে আটকের সত্যতা নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুল আলম রাসেল।
গোয়েন্দা সূত্র জানায়, আইএস’র আনসারুল্লাহ বাংলাটিমের পাশাপাশি আব্দুল্লাহ আল গালিব নতুন জঙ্গি সংগঠন আল জুনুদ ওয়াল খলিফা নামে সংগঠন তৈরি করেছেন।
এ জঙ্গি সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবে ১০/১২ জন সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেন।
গোয়েন্দা সূত্র আরও জানায়, নতুন এই জঙ্গি সংগঠনের সদস্যরা আব্দুল্লাহ আল গালিবের নেতৃত্বে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণটি বাংলাদেশেরই কোনো এক স্থানে হচ্ছে। তবে সেই স্থান রাজধানী ঢাকা নাকি পাহাড়ি কোনো অঞ্চলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আটক গালিকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এমআর/ এআর





