চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় এমপি মারধর করায় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ-ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে মারধরের ঘটনায় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন-ইসি।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা এই মামলা করবেন।

এর আগে বুধবার বেলা ২টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা জাহিদুলকে মারধর করা হয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে এমপি মোস্তাফিজুরের কথামতো পছন্দের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দিতে অস্বীকার করেন নির্বাচন কর্মকর্মা জাহিদুল। এমপির সমর্থকদের ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবেও নিয়োগ দিতে রাজি হননি তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে উপজেলা পরিষদে নির্বাচন কর্মকর্তা জাহিদুলকে তার কার্যালয়েই মারধর করেন এমপি মোস্তাফিজুর।

উল্লেখ্য, ষষ্ঠ ও শেষ ধাপে ৪ জুন সারা দেশে সাত শতাধিক ইউপির মধ্যে বাঁশখালী উপজেলায় ১৪টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ইউপির ভোট ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে স্থগিত করেছিল ইসি। এবার বাকি ১১ ইউপির ভোটও স্থগিত করা হলো।

ওএফ