রাজধানীর তেজগাঁও এলাকায় ককটেল বিস্ফোরিত হয়ে হ্যাপী নামে এক সাত বছরের শিশু আহত হয়েছে।তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৬/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আহত হ্যাপী ওই এলাকার হারুন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
হারুন মিয়া জানান, বাসার সামনে তিনটি ককটেল কুড়িয়ে পায় হ্যাপী। এরপর সে না বুঝেই সেগুলো বাসায় এনে খেলার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, অবিস্ফোরিত অপর দু’টি ককটেল পানিতে ভিজিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
ককটেল বিস্ফোরণের ঘটনায় হ্যাপীর হাত, পা ও বুকে স্প্লিন্টারের আঘাত লেগেছে বলে জানিয়েছেন ঢামেকের কর্তব্যরত চিকিৎসক।
এইচ ই





