নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন (বগুড়া-৬) শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষদিন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।
ড. শিরীন শারমীন বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদের (১) (ক) বিধি অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সংবিধানের তৃতীয় তফসিলে নির্ধারিত বিধান অনুযায়ী কোন সদস্য শপথ গ্রহণ করতে অসমর্থ হন, বিধায় তার আসনটি শূন্য হয়।
স্পিকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) বিধি অনুযায়ী শূন্য হওয়া সম্পর্কে সংসদকে অবহিত করার বিধান রয়েছে। এই অবস্থায় শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় নির্বাচনী এলাকা ৪১, বগুড়া-৬ থেকে নির্বাচিত সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) উপবিধি অনুযায়ী এই সংসদে অবহিত করা হলো।
এখন নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন ৬ জন। নির্বাচিত এই সংসদ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।
এমবি





