মাগুরায় দুটি যাত্রীবাহী পরিবহন ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাকলাদার পরিবহনের সুপার ভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর রুপদিয়া গ্রামে। অপরজন নরসিংদী দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জয়নাল আবেদিন জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মাগুরা সদরের মঘিরঢাল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুটি বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, যশোরগামী চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস এবং অপর দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের পানিতে উল্টে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা চাকলাদার পরিবহনের বাস থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করেছে। আহতরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাইফুল্লাহ/এমবি