রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগেছে।

আজ (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে নগরীর পাঁচলাইশ থানার মির্জারপোল সংলগ্ন ডেকোরেশন গলিতে অবস্থিত বস্তিটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টার দিকে আগুনের খবর পেয়ে ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। অভিযানে অংশ নিচ্ছে পুলিশও। এই ঘটনায় বস্তির আশপাশের বিভিন্ন ভবনের বাসিন্দাদের মধ্যেও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বড় একটি বস্তি, প্রায় শতাধিক ঘর আছে, সেখানে আগুন লেগেছে।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

এমবি