লালমনিরহাটে উপ-নির্বাচনে ভোট গ্রহনকালে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করে অবৈধ ভাবে ব্যবহারের দায়ে আওয়ামীলীগ প্রার্থীর দুই কর্মীকে ৬ মাসের করে কারাদন্ড দিয়েছেন জুনিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের লুৎফর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করে এ কারাদন্ড প্রদান করেন ওই আদালতের বিচারক জুনিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ওই ভোট কেন্দ্রে মধ্য গড্ডিমারী এলাকার বাহার উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও মোকছেদুল রহমানের পুত্র সিরাজুল ইসলাম ব্যালট পেপার ছিনতাই করে অবৈধ ভাবে ভোট প্রদান করেন এমন অভিযোগ করেন ভোট গ্রহনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

এ সময় জুনিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলমের নিদের্শ পুলিশ তাদের আটক করেন। পরে আদালত বসিয়ে প্রত্যককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ওই আদালতের বিচারক ইসরাফিল আলম। কারাদন্ডপ্রাপ্ত দুই জনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের কর্মী বলে জানা গেছে।

নুরনবী/এমবি