করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে গণপরিবহনের ভাড়া বাড়ছে ৬০ শতাংশ বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) বৈঠকে এ দাবি জানান বাস মালিকরা।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে সারা বাংলাদেশে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে।’

আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানান মন্ত্রী।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গতকাল সোমবার দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার।

এর মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না। অর্থাৎ ধারনক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণে চলতে হবে।

সংক্রমণের উচ্চ ঝুকির এলাকায় আন্ত:জেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সম্প্রতি করোনায় সংক্রমণ বেড়েছে। মৃত্যুও বেড়েছে।


এএস