দেশে সম্প্রতি হিন্দু পুরোহিতসহ মুক্তমনা ব্যক্তিদের হত্যা বন্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোটের উপদেষ্টা ও সংখ্যালঘু কল্যাণ সমিতির সভাপতির অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, হিন্দু পুরোহিতসহ বিভিন্ন সম্প্রদায়ের সচেতন ব্যক্তিদের হত্যাকারীদের খুঁজে বের করতে মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরো বলেন, হিন্দু মহাজোট মনে করে জাতীয় সংসদে প্রকৃত জনপ্রতিনিধিত্ব না থাকার কারণে দেশে প্রতিনিয়ত এ ধরনের হত্যাকাণ্ড ঘটে চলেছে।
তিনি জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আনুপাতিক হারে আসন সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধনে হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও খুনি চক্রের মূলোৎপাটন করতে হবে। তা না হলে দেশের কারোরই জীবনের নিরাপত্তা থাকবে না।
হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, সরকার ও বিরোধী দল হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষায় কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি হিন্দু সম্প্রদায়সহ সকল সংখ্যালঘুদের রক্ষার ভার প্রধানমন্ত্রীর নিজের হাতে তুলে নেয়ার আহ্বান জানান।
মানববন্ধনে হিন্দু মহাজোটের নেতা অ্যাডভোকেট প্রতিভা বাগচী, ড.সোনালী দাস প্রমুখ বক্তব্য রাখেন।
এমআর





