দৈনিক ফেনীর সময়-এর সহসম্পাদক রাশেদুল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাটে এ ঘটনা ঘটে।

রাশেদ অনলাইন নিউজ পোর্টাল ‘নতুন ফেনী’র সম্পাদক ও স্থানীয় মোটবী ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা।

রাশেদ জানান, তিনি তথ্য সেবা কেন্দ্রে কাজ করছিলেন। এ সময় লোকমান, সাইফুলসহ আট-দশজন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী হঠাৎ ইউনিয়ন পরিষদে এসে তাকে জোরপূর্বক সিএনজি ট্যাক্সিতে তুলে শাহাপুর স্বপ্ন সেতু সংলগ্ন এলাকায় নিয়ে যায়। এ সময় তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয়।

একপর্যায়ে তারা রাশেদকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার জানান, তার হাত ও পাসহ সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ফেনীতে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এএইচ