১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাতের শহীদদের স্মরণে বিভিন্ন স্থানে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় সেই রাতে নিরিহ বাঙালিদের উপর পৈশাচিক কায়দায় হায়েনাদের হামলার ঘটনা তুলে ধরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদদের স্মরণে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে নরসিংদীর সর্বস্তরের মানুষ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নরসিংদী সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের শিক্ষা চত্বর পর্যন্ত দীর্ঘ এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এ সময় মোমবাতি জ্বালিয়ে রাস্তার পাশে অবস্থান নেয় সর্বস্তরের মানুষ।
পাঁচ মিনিটের এ কর্মসূচিতে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. পুতুল রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে জিনাত রেহানা, সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: ২৫ মার্চ ভয়াল কালোরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে চাঁপানবাবগঞ্জেও। বুধবার রাত সাড়ে ৭টায় স্থানীয় শহীদ সাটু হল মোড় এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে জেলা আওয়ামী মহিলা যুবলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুদ্দিন মন্ডল এবং সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন- থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, শহর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, যুগ্ম আহ্বায়ক শান্তনা হক শান্তা, জেলা ছাত্রলীগের সভাপতি ফায়জার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানসহ আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিনাজপুর: ভয়াল কালরাতের শহীদদের স্মরণে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে করা হয়েছে। এ সময় তারা ওই রাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বুধবার রাত ৮টায় মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শহরে আলোর মিছিল বের করে তারা।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে জেলা কমিটির নেতা ছাড়াও তৃনমূল শাখার সদস্যরা অংশ নেন।
জেআই





