আজ শূরু হচ্ছে তাবলিগ জামায়াতের উদ্যোগে 'খুলনা জেলা ইজতেমা'। জেলার দিঘলিয়া উপজেলায় তিনদিন ব্যাপী এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমার আয়োজকরা জানান, ইজতেমায় দেশি-বিদেশি মিলে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন তারা। ২২ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে খুলনা ইজতেমা।

তারা আরো জানান, পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে যাতে আগত মুসল্লিদের কোনো সমস্যা না হয়।

ইতিমধ্যেই ইজতেমা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খুলনা জেলার ৯ থানার জন্য আলাদা আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ।

জেলা তাবলিগ জামায়াতের আমীর মুফতি আজিজুর রহমান জানান, দিঘলিয়া উপজেলার এমএ মজিদ কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, ঈদগাহ মাঠ ও সংলগ্ন এলাকাজুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। এটি ‘খুলনা জেলা ইজতেমা’ হলেও এখানে কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটবে।

মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশ থেকে তাবলিগ জামায়াতের সাথীরা অংশ নেবেন বলেও আশা করছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।পৃথক তিন শিফটে সাত চিকিৎসক সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপজেলা পরিষদে একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বিক বিষয় মনিটরিং করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হোসেন জানান, ইজতেমার আইন-শৃংখলা রক্ষা এবং মুসল্লিদের সার্বিক নিরাপত্তার লক্ষে ৩৯১ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।

ইআর