যশোরের বেনাপোলে ১১টি স্বর্ণের বারসহ বাবুল হোসাইনকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোলের দৌলতপুর গ্রাম থেকে বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক বাবুল হোসাইন বেনাপোলের দক্ষিণ দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা দৌলতপুর থেকে বাবুলকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১১টি স্বর্ণের বার পাওয়া যায়।

খুলনা ২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আব্দুর রহিম জানান, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে বাবুলকে আটকের পর তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। যার ওজন ১১০ ভরি। আটক বাবুলকে বেনাপোলের পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

জেআই