দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মকবুলের দোকান এলাকায় বাসের ধাক্কায় মোশাররফ হোসেন মুন্সি (৬৫) নামের এক মাহেন্দ্র যাত্রী মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকোল গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে রাজবাড়ী থেকে থ্রি-হুইলারে (মাহেন্দ্র) করে গোয়ালন্দে যাচ্ছিলেন মোশাররফ হোসেনসহ সাত যাত্রী। মকবুলের দোকান এলাকায় গোপালগঞ্জ থেকে আসা দৌলতদিয়া ঘাটগামী রাজধানী পরিবহনের একটি বাস মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে গাড়িটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন লোকজন। এঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআর