বাস চলাচলের রুট পারমিট নেই এমন তিনটি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চালানোর দাবিতে রোববার সকাল থেকে স্বপরিবারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন ইজিবাইক মালিক-চালকরা।
শহীদ সামসুজ্জোহা পার্কে দুই শতাধিক ইজিবাইক রেখে অবস্থান শুরু হয়। পরে দুপুর দুইটার দিকে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অনশন শুরু করেন।
মেহেরপুর-মুজিবনগর, মেহেরপুর-কাথুলী ও মেহেরপুর-মহাজনপুর সড়কে বাস চলাচলের রুট পারমিট না থাকলেও এসব সড়কে বাস চলাচল করছে। অথচ ইজিবাইক চলাচলে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে চরম বিপাকে পড়েছেন এর মালিক-চালকরা। আর্থিক সঙ্কটে পড়ে এখন তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে শহরের সকল ইজিবাইক চালক তাদের ইজিবাইক নিয়ে শহীদ সামসুজ্জোহা পার্কে জড়ো হয়। পরিবারের নারী-পুরুষ ও শিশুদের নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় জড়ো করা ইজিবাইকের চাবি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পরে তারা র্যালিসহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেন। ইজিবাইকের চাবিগুলো জেলা প্রশাসক গ্রহণ করতে সম্মতি না দেয়ায় দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম অনশনে বক্তব্যে বলেন, গত কয়েকদিন ধরে ইজিবাইক চলাচল বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চালকরা। তাই আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
জেআই





