নিখোঁজের দু'দিন পর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা সোহেলের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজের সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি শনিবার গভীররাত থেকে সোহেল নিখোঁজ ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ।

নিহত সোহেল চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার জগমোহনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল্লাহ জানান, হাসানপুর রাস্তার পাশ থেকে একটি লাশ উদ্ধার করেছি। সড়ক দুঘর্টনায় নিহত হয়েছে শুনেছি। লাশ মর্গে পাঠিয়েছি। এর বেশি কিছু আমি জানি না।

কুমেক হাসপাতাল মর্গের দায়িত্বে থাকা হোসেন জানান, পুলিশ আমাদের জানিয়েছে লাশটি সড়ক দুর্ঘটনার।

কুমেক হাসপাতালে অবস্থানরত নিহতের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা পোষাকে ১০/১২ জন লোক বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খবর পাওয়া যায়নি।