বরিশাল নগরীর সিএন্ডবি সড়ক থেকে দুটি ট্রাক ভর্তি ১০ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৩৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আটক হওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ চিংড়ি পোনা অবমুক্ত করা হয়েছে কীর্তনখোলা নদীতে।

বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, ভোলা ও পটুয়াখালী থেকে আনা গলদা চিংড়ির পোনা দুটি ট্রাকযোগে বাগেরহাট নেওয়া হচ্ছিল। খবর পেয়ে র‌্যাব সিএন্ডবি সড়কে অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করে।

এ সময় ১০ লাখ গলদা চিংড়ি পোনা এবং বহনকারী ৩৭ জনকে আটক করা হয়। আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ট্রাকের চালক ও হেলপার ৪ জন ব্যতীত ৩৩ জনকে চিড়িং পোনা বহনের দায়ে প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৯৯ হাজার টাকা জরিমানা করেন। এরপর জব্দ করা চিংড়ি পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

এমই