রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত ও শিবিরের দুই কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলার মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পলাতক আনারুল নামে জামায়াতে ইসলামী মিঠাপুকুর শাখার এক কর্মী ও একই উপজেলার এসরাফুল নামের ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয়।

এছাড়া এ বিশেষ অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি থানা পুলিশ ২০ জন, বদরগঞ্জ থানা পুলিশ ছয়জন, কাউনিয়া থানা পুলিশ পাঁচজন, পীরগাছা থানা পুলিশ চারজন, তারাগঞ্জ ও গঙ্গাচড়া থানা পুলিশ একজন করে এবং পীরগঞ্জ থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতার সবাই মামলার আসামি। তাদের সোমবার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই