রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের ইমরান গ্রুপের ৩জন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা চেয়ারম্যানের সাবেক কার্যালয়ের নিচ তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বালিয়াকান্দি সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনে ভোটগ্রহণ শেষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান গ্রুপের রাজিব মোল্লা ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

কিন্তু রাজিব মোল্লার প্রতিদ্বন্দ্বী সাইফুল সাত ভোট পেয়ে পরাজিত হওয়ার ক্ষোভে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত রাজিব মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ছাড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমরানকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৬নং ওয়ার্ডের সেক্রেটারি সাগর মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ এম শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় তোফায়েল আহম্মেদ নামে একজনকে আটক করা হয়েছে।তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান।

এমকে