সান ইয়াড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও তার স্ত্রীকে যাবতীয় সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সোমবার এ সংক্রান্ত পৃথক দুটি নোটিশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত ওই নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব কমিশনের নির্দিষ্ট ফরমে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, কমিশনের প্রাথমিক অনুসন্ধানে গ্রুপের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ফারুক ও তার স্ত্রী মিসেস ফেরদৌস আরা ববির বিরুদ্ধে স্বনামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রী তাদের সম্পদের হিসাব কমিশনে দাখিল করলে অবৈধ সম্পদের প্রকৃত হিসাব পাওয়া যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিলে ২০০৪ সালের দুদক আইনের ২৬ ধারার (২) উপধারা অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ রয়েছে।
এএইচ





