পূর্বের আকাশে উদিত হয়েছে নতুন সূর্য। ছড়িয়ে পড়েছে তার আলো কুয়াশার চাদর ভেদ করে। আজকের সূর্যোদয় নিয়ে এসেছে নতুন বার্তা, নতুন আনন্দধারা। বিগত দিনের সব ভুল, হতাশা, দুঃখ, গ্লানি মুছে দিয়ে আজ শুরু হবে নতুন উদ্যমে সফলতার পানে এগিয়ে চলা।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন- ‘দূর হইলো দৈন্যদ্বন্দ্ব/ছিন্ন হইলো দুঃখবন্ধ/উৎসবপতি মহানন্দ/তুমি সুন্দরতম।’

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ নানা কারণে ২০২০ গুরুত্বপূর্ণ একটি বছর। উন্নয়নে নেয়া নানা উদ্যোগ পূর্ণ হবে, অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে- আজ এটাই সবার প্রত্যাশা।

এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ২০২০ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক, এটাই কামনা।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২০ বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। এ বছরই উদযাপিত হতে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমরা ২০২০ খ্রিস্টাব্দকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছি।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা। তাই নতুন বছরের অঙ্গীকার হোক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ।

দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। এটি এ দেশের আপামর জনসাধারণের চাওয়া।

দেশের সর্বস্তরের মানুষ প্রত্যাশা করেন তারা দুবেলা-দুমুঠো খেয়ে সুখে-শান্তিতে থাকবেন। তার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম হাতের নাগালেই প্রত্যাশা করেন তারা। কিন্তু গেল বছরের নানা সময়েই তা হাতের নাগালে ছিল না।

পেঁয়াজ, চালসহ নানা পণ্য নিয়েই কারসাজি হয়েছে। সাধারণ মানুষ মনে করে যারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে লুটতরাজ চালায়, তারা দেশের শত্রু। এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে- এটাই সবার প্রত্যাশা।

ভারতের নতুন নাগরিকত্ব আইন সে দেশে সমস্যার সৃষ্টি করেছে। প্রতিবেশী দেশ হওয়ায় তার আঁচ বাংলাদেশে লেগেছে। নতুন করে এটি কোনো সমস্যা সৃষ্টি করে কি না, সেদিকেও সবার নজর থাকবে।

নতুন বছর ২০২০-এ দেশের মানুষ নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখেন। ফেলে আসা দুঃখ-বেদনা ভুলে নতুন করে এগিয়ে যেতে চান সব শ্রেণি-পেশার মানুষ। তাই আজ হৃদয়ে হৃদয়ে বেজে ওঠে একটাই প্রার্থনা- নতুন বছরটি যেন ভালো কাটে।

এএইচ