সাভারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যানজটে আটকে থাকা আরেকটি বাসে ধাক্কা দিলে ওই বাসের সামনে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে পর্যায়ক্রমে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনার পর ওই রুটে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনার শিকার মাইক্রোবাস যাত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক খন্দকার মোখলেসুর রহমান জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কিছুটা যানজট ছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাহজাদ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুরগামী এস এম পরিবহণের যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়।
এতে এস এম পরিবহণের বাসটি সিমেন্ট বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। ট্রাকটি গিয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ গাড়ির ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ এসে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর সকাল ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
এআর





