চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। ইপিজেড থানার বন্দরটিলা আয়েশার মার গলির সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া থানার কুমার পাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে রিকশাচালক বাবুল (৪৫) ও রিকশা যাত্রী একই থানার তালুকদার বাড়ির আব্দুর ছাত্তারের স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

ইপিজেড থানায় ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খুরশিদ জানান, সকালে একটি কভার্ডভ্যান বেপরোয়া গতিতে যাওয়ার সময় যাত্রীসহ একটি রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে রিকশাচালক নিহত হন। এ ছাড়া রিকশার দুই যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পতেঙ্গা মেডিকেল সেন্টারে নেওয়ার পথে এক নারী মারা যান। আহত যুবকের নাম জাকির (৩৫)। তাকে উদ্ধার করে পতেঙ্গা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক পারভেজকে (১৮) আটক করা হয়েছে।

এমআর