প্রেস উইং বলছে, যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমন অভিযানের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।
আজ সোমবার (১১ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেকিং ফেসবুক পেজে (সিএ প্রেস উইং ফ্যাক্টস) দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, ভারতীয় কিছু সংবাদপত্র বিপ্লবোত্তর দিনগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছে। আওয়ামী লীগ-সমর্থকদের গ্রেপ্তারের ঘটনাও তারা একইভাবে অতিরঞ্জিত করেছে।
পোস্টে বলা হয়েছে, রাজধানী ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রোববার আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে।
পোস্টে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তাঁর সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করার এবং গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেওয়ায় তাঁরা সেগুলো বহন করছিলেন। আটক ব্যক্তিরা পুলিশকে বলেছেন, তাঁরা মার্কিন রাজনীতি অনুসরণ করেন না, শুধু হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করেছিলেন।
এফএইচ





