চট্টগ্রাম নগরীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- হুজি ঢাকা আঞ্চলিক কমান্ডার তাজুল ইসলাম, হুজি কুমিল্লা আঞ্চলিক কমান্ডার মাওলানা মো. আবুজর গিফারী, নাজিমুদ্দিন, নূরে আলম, এহতেশাম আহমেদ। এদের সবাই হরকাতুল জিহাদের মুফতি মাইনুল ইসলামের অনুসারী।

র‌্যাব  জানায়, বুধবার মধ্যরাতে নগরীর একে খান এলাকা থেকে দুজন ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর কর্নেলহাট এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোররাত থেকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র‌্যাব । এরপর সকাল ৮টায় চূড়ান্ত অভিযান শুরু করে।

প্রায় আড়াই ঘণ্টার অভিযান শেষে তিন হুজি সদস্যকে আটক করে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি বিদেশি পিস্তল রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, র‌্যাব -৭ এর পরিচালক মিফতাহ উদ্দীন জানান, অভিযান শেষ করলেও এখন পুরো বাড়িটি তল্লাশি করা হবে।

মাসুম/এআই