ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকার পর রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেনের ধাক্কায় তিন প্রাইভেটকার যাত্রী আহত হওয়ার পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে প্রাইভেটকারটি কোড্ডা রেলক্রসিং এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী মহানগর ‘গোধূলী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে প্রাইভেটকারটি আটকে যায়। এর ফলে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টায় প্রাইভেটকারটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হয়েছে তারপরও রাত সাড়ে ১২টায় প্রাইভেটকারটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
কেএইচ





