আসন্ন ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত আসনবিন্যাসে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

পিএসসি সূত্র জানিয়েছে, প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায়ই সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পেতেন পরীক্ষার্থীরা। এবার লিখিত পরীক্ষায় সে সুবিধা থাকলেও প্রিলিতে থাকছে না।

এদিকে প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি থাকছে না বলে জানিয়েছ্নে পিএসসি চেয়ারম্যান একরাম আহমেদ।

তিনি বলেন, ‘৩৪তম বিসিএস পরীক্ষায় প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। তবে এবার লিখিত ও মৌখিক পরীক্ষায় কোটা অনুসরণ থাকলেও প্রিলিমিনারিতে থাকছে না।’

৩৪তম বিসিএসের প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি প্রয়োগ করার পর তা চ্যালেঞ্জ করে হাইকোর্টেও রিট করেছিলেন দুই শিক্ষার্থী। এ ছাড়া রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনও করেছিল শিক্ষার্থীরা।

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ মার্চ বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে ৬ মার্চ সকালে এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ করায় সকাল ৯ টার পরিবর্তে এ সময় নির্ধারণ করে পিএসসি।

এবার প্রথম শ্রেণির সরকারি চাকরির প্রত্যাশায় ৩৫তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১,৮০৩টি পদের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। সে অনুযায়ী প্রতি পদের বিপরীতে ১৩৫ প্রার্থী লড়বেন। বিসিএসের ইতিহাসে এবারই সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী চাকরির জন্য আবেদন করেছেন বলে পিএসসি সূত্রে জানা গেছে।

এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জন, সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জন, শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪ জনকে নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা সংশোধনের পর গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। নতুন নিয়ম অনুযায়ী, এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর এবং সময়ও এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়েছে।

কেএইচ