পুলিশ বাহিনী নির্বাচনী কাজের জন্য নির্বাচন কমিশনের অধীনে এসেছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, পুলিশ যদি কাউকে গ্রেফতার করতে চায়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তার কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সম্ভাব্য যেসব প্রার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা কীভাবে নির্বাচন করবেন জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, আইনেই বলা আছে কে প্রার্থী হবেন। কীভাবে নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আইনে যা আছে, সেভাবেই কাজ হবে।

সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগের বিষয়ে জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, ‘এই কমিশন ছয়টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করেছে। সব কয়টি সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচন স্বচ্ছ হবে বলে আমরা আশা করছি।’ কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং বিষয়টি যদি কমিশনের নজরে আসে, সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সময়মতো গিয়েও মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে প্রার্থী হতে ইচ্ছুক যেসব ব্যক্তি অভিযোগ করেছেন, তাদের ব্যাপারে শাহনেওয়াজ বলেন, এ ক্ষেত্রে বিশেষ বিবেচনারও কোনো সুযোগ নেই।

মেয়র পদপ্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কারাগারে আটক বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামসহ বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ পলাতক। কেউ আবার কারাগারে আটক রয়েছেন।

জেএ