গাজীপুরে বুধবার রাতে পেট্রল বোমায় বাসে অগ্নিসংযোগ ও যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হুকুমের আসামিসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে। জয়দেবপুর থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই মঞ্জুরুল হক জানান, পেট্রল বোমা ছুড়ে বাসে অগ্নিসংযোগ ও যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/২০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, গাজীপুর মহানগরের ইটাহাটা গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৩০) এবং পশ্চিম বিলাসপুর এলাকার রজব আলীর ছেলে সেলিম (২৬)।
প্রসঙ্গত, বুধবার রাতে গাজীপুরের ননজানি এলাকায় বলাকা পরিবহনের একটি চলন্ত বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসে আগুন লেগে সবুজ (২০), রাকিব (১২), নূরুন নবী (২৬), সোহেল রানা (২০) ও মঞ্জুরুল ইসলাম (২৫) নামে পাঁচ বাসযাত্রী দগ্ধ হন। এ ছাড়া বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েক জন আহত হন।
কেএইচ





