গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় বাসের চাপায় কাদের কাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছেলে ভ্যান চালক ইলিয়াস কাজী (৪০)।

সোমবার বেলা ১১টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জের মনোহর মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ইলিয়াস কাজীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি উপজেলার সিতাইকুন্ডু গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাধাগঞ্জ বাজার থেকে বাড়ির জন্য মালামাল কিনে শ্যালো ইঞ্জিন চালিত রিকশা ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে তারা কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জের মনোহর মার্কেটের কাছে পৌঁছলে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তাদের ভ্যানটিকে চাপা দিলে গুরুতর আহত হন বাবা ও ছেলে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কাদের কাজীকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমই