শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এক চিকিৎসককে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

ঢাকা মেডিকেলে আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সম্প্রতি ঘটা সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনো অবস্থাতেই এ ধরনের অপরাধ বরদাশত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহ দেশের সব মেট্রোপলিটন এলাকা ও জেলা পর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, "চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয় বা ঢিলেঢালা ভাব দেখায়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

অপরাধ দমনে নিজ বাহিনীর স্বচ্ছতার ওপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তবে তাকেও ছাড় দেওয়া হবে না। সাধারণ অপরাধীর মতোই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে যেন ভবিষ্যতে কেউ এই সাহস না পায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর বার্তায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় তদারকি আরও জোরদার হবে এবং অপরাধীদের দমনে পুলিশ ও অন্যান্য বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

এমএম