হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে সোহেল মিয়া (১৮) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকালে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
কৃষক সোহেল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের কামরুল হাসানের ছেলে।
এদিকে, দুপুরে তিনটি চোরাই গরুসহ বাংলাদেশে অনুপ্রবেশকালে রাজকুমার শর্মা (৫৫) নামে এক ভারতীয়কে আটক করে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকার মোহনপুর গ্রামের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেল নিজ কৃষি জমিতে কাজ করতে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্তের ১৯৫ ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা তাকে ধরে নিয়ে।
দুপুরে ভারতের পশ্চিম ত্রিপুরার সিধাই এলাকার মোহনপুর সীমান্তের ১৯৯৩ নম্বর পিলার দিয়ে চোরাই তিনটি গরুসহ বাংলাদেশে অনুপ্রবেশ করে আটক রাজকুমার শর্মা।
এ সময় মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের মোহনপুর গ্রামের লোকজন তাকে আটক করে। পরে গ্রামবাসী তাকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়ারেছ হোসেনের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার মেজর তারেক জানান, বাংলাদেশি সোহেলকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশিদের হাতে চোরাই গরুসহ এক ভারতীয় আটকের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
কেএইচ





