ছিটমহলবাসীরা এখন থেকে নতুন জীবন শুরু করবে। ইন্দিরা-মুজিব চুক্তির বাস্তবায়নে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমার বিশ্বাস শান্তিপূর্ণ ভাবে দুদেশের মধ্যে স্থল সীমান্তচুক্তি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

রোববার দুপুরে তিনি কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ায় ছিটমহলবাসীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দুই দেশের সরকার দায়িত্ব নিয়ে এক সঙ্গে ছিটমহলবাসীদের উন্নয়নে কাজ করবে। আমি বিশ্বাস করি আপনারা শান্তিপ্রিয় মানুষ, আপনারা আইনের শাসন মানেন। আগামীতেও সেভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ জীবন যাপন করবেন।’

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছির উদ্দিন, কুড়িগ্রাম জজকোর্টের পিপি আব্রাহাম লিংকন, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ার সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেন।

পরে হাই কমিশনার ভুরুঙ্গামারী উপজেলার আরো দুটি ছিটমহল পরিদর্শন করেন।

এসএইচ